
ভালোবাসার স্মারক হিসেবে ইতিহাসে তাজমহলের নাম অমর হয়ে আছে। মুঘল সম্রাট শাহজাহান স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশে আগ্রায় যে তাজমহল নির্মাণ করেছিলেন, সেই স্থাপত্যকেই এবার নিজের বাড়ির আদলে গড়ে তুলেছেন ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুরের ব্যবসায়ী আনন্দ প্রকাশ চৌকসে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নির্মিত বাড়ির একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় এসেছে।
আগ্রার তাজমহল থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত এই ব্যক্তিগত বাসভবনটি মূল তাজমহলের প্রায় এক-তৃতীয়াংশ আকারে নির্মিত হয়েছে। বাইরে থেকে দেখলে ভবনটি অনেকটাই তাজমহলের প্রতিরূপ বলে মনে হয়। শ্বেতশুভ্র রঙের দোতলা এই ভবনের চারপাশে রয়েছে পরিপাটি সবুজ বাগান, চারটি মিনার, একটি বড় গম্বুজ এবং কারুকাজখচিত খিলান।
বাড়ির মালিক জানিয়েছেন, মূল তাজমহলের নকশা অনুসরণ করে মিটার একককে ফুটে রূপান্তর করে পুরো ভবনের নকশা তৈরি করা হয়েছে। নির্মাণকাজ শেষ করতে সময় লেগেছে দেড় বছরেরও বেশি।
বাড়িটির অন্দরসজ্জাও রাজকীয় ধাঁচে করা হয়েছে। ভেতরে রয়েছে প্রায় ২৪ ফুট উঁচু ডাবল-সিলিং, মার্বেল পাথরের ব্যবহার, সূক্ষ্ম টাইলসের কাজ এবং একটি দৃষ্টিনন্দন দ্বিমুখী সিঁড়ি। বিশাল বসার ঘরে রাখা হয়েছে বিলাসবহুল সোফা, নান্দনিক ডাইনিং টেবিল এবং বড় বড় জানালা, যেখান দিয়ে পর্যাপ্ত প্রাকৃতিক আলো প্রবেশ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এই বাড়ির নান্দনিক নকশা ও স্থাপত্যশৈলী দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। অনেকের মতে, এটি শুধু একটি বাড়ি নয়, বরং ভালোবাসার এক ব্যতিক্রমী প্রকাশ।
সূত্র: হিন্দুস্তান টাইমস।